আগামী দুই বছরের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সব সেবা প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর শীর্ষক পরামর্শক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই ও প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি, ফি জমা, হলের আসন বরাদ্দ এবং সনদ সংগ্রহসহ সব একাডেমিক ও প্রশাসনিক সেবা অনলাইনে নিয়ে আসার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের সমন্বয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
এ ছাড়া শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের দক্ষতাও কাজে লাগানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর সমন্বিত উন্নয়ন করা হবে।
