ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, সমর্থন কমে ৩১ শতাংশে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে রেকর্ড ৩১ শতাংশে নেমেছে। একই সঙ্গে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের ভোটে রিপাবলিকান পার্টির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এ চিত্র।
মঙ্গলবার ২০ অক্টোবর আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, কংগ্রেস নির্বাচনে তারা একজন সাধারণ ডেমোক্র্যাট নাকি রিপাবলিকান প্রার্থীকে ভোট দিতে চান। এতে ডেমোক্র্যাটরা ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
গত কয়েক মাস ধরে ট্রাম্পের প্রতি অসন্তোষ ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এর প্রভাব পড়ে দেশটির অর্থনীতির বিভিন্ন খাতে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারিত হতে পারে। নির্বাচনের আগে ট্রাম্প ও তার দলের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়ছে বলে সাম্প্রতিক কয়েকটি জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।
রোববার প্রকাশিত এনবিসির এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, দেশ ভুল পথে এগোচ্ছে। একই দিন নির্বাচন হলে ৫৫ শতাংশ ভোটার ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিতেন বলে জরিপে উঠে এসেছে।
এদিকে সোমবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট, এবিসি ও ইপসোসের যৌথ জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে নেমে আসার তথ্য পাওয়া গেছে। জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে ৭ জন বলেছেন, পেট্রল বা গ্যাসোলিনের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
