চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য অখালাসকৃত পণ্যের ইনভেন্টরি তৈরি এবং দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম সম্পন্ন করতে ২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে চট্টগ্রাম কাস্টমস হাউসে সংযুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এ আদেশ কার্যকর হবে।
বুধবার (১৪ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন শাখাটির দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত কর্মকর্তারা ১৫ অক্টোবর নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে কাস্টমস হাউস, চট্টগ্রামে যোগ দেবেন। তাদের আগামী বছরের ১৫ এপ্রিল পর্যন্ত অথবা ইনভেন্টরি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করতে হবে। তবে এ সংযুক্তি জ্যেষ্ঠতার ভিত্তিতে করা হয়নি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সংযুক্ত ২০ কর্মকর্তার মধ্যে রয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের মো. শাহজাহান সরকার ও মুহাম্মদ মোশাররফ হোসাইন; গাজীপুরের মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও মো. বিল্লাল হোসেন; ঢাকা দক্ষিণের মো. বেলাল উদ্দিন ও ফজলুল হক; ঢাকা উত্তরের উত্তম কুমার দাস ও মাহমুদুল হাসান; ঢাকা পূর্বের মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং ঢাকা পশ্চিমের মো. রোমেল তালুকদার ও সুজয় দেবনাথ।
এ ছাড়া চট্টগ্রাম কমিশনারেটের ইফতেখার আহমেদ ও মো. আসিফ ইকবাল রাজু, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাজী নাঈম উদ্দীন, কুমিল্লা কমিশনারেটের মোছা. উম্মে সালমা ও অম্বিকা রানী, কাস্টমস হাউস, আইসিডি কমলাপুরের মো. তৈয়বুর রহমান, কাস্টমস হাউস, বেনাপোলের শংকরাশীষ দেব, ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেটের তরুনজীত সরকার এবং ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের মো. শাহিনুর আলম রয়েছেন।
প্রজ্ঞাপনে কাস্টমস হাউস, চট্টগ্রামের কমিশনারকে সংযুক্ত কর্মকর্তাদের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি এবং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দায়িত্ব বণ্টনের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, এনবিআরের ২০২৫ সালের ৪ ডিসেম্বরের একটি স্মারকের ভিত্তিতে কাস্টমস হাউস, চট্টগ্রামের নিলাম শাখায় আগে সংযুক্ত আট কর্মকর্তার সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে। ওই কর্মকর্তারা ১৫ অক্টোবর নিলাম শাখা থেকে অবমুক্ত হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
The post বন্দরে পড়ে থাকা পণ্যের নিলামে ২০ কর্মকর্তা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
