কানাডায় ব্যস্ততম সামরিক ঘাঁটিতে আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক
কানাডার আলবার্টা প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু ও বেশ কয়েকজন...
আন্তর্জাতিক ডেস্ককানাডার আলবার্টা প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র বাতাসের কারণে আগুন সামরিক ঘাঁটির সীমানা ছাড়িয়ে বাইরের লোকালয়েও ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ আখ্যা দিয়ে জানিয়েছেন, জরুরি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনী। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথও ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন।
ওয়েনরাইট কানাডার অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে নিয়মিত গোলাবারুদের মহড়া চলে। স্বাভাবিক সময়ে এই ঘাঁটিতে প্রায় ৬৯০ জন সামরিক ও ৩০০ জন বেসামরিক কর্মী নিয়োজিত থাকেন। উদ্ধার অভিযান ও ফায়ার সার্ভিসের কাজ নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
