দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি চলচ্চিত্র নির্মাণেও নিজের অবস্থান তৈরি করছেন নির্মাতা ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। গত বছর পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘ডট’ প্রযোজনা ও অভিনয়ের পর এবার নতুন সিনেমা ‘ডিটেকটিভ’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
চলচ্চিত্রটির পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন ধীমন। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক পোস্টার। বর্তমানে কক্সবাজারে চলছে ছবিটির প্রথম লটের শুটিং।
ধীমনের আগের ইংরেজি চলচ্চিত্র ‘ডট’ মুক্তি পায় গত বছরের ৫ সেপ্টেম্বর। দুই ঘণ্টা আট মিনিট ব্যাপ্তির সিনেমাটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি অংশ নেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নতুন গল্প নিয়ে কাজ শুরু করেছেন এই নির্মাতা। তাঁর নতুন চলচ্চিত্র ‘ডিটেকটিভ’ ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
এন আই মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডিটেকটিভ’। ছবিটি প্রযোজনা করছেন মো. নজরুল ইসলাম। চলচ্চিত্রটির পরিচালনা ও অভিনয়ের দায়িত্বে রয়েছেন ধীমন নিজেই। নতুন এই সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে একটি নতুন জুটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে পরিচালকের। তবে জুটির অভিনয়শিল্পীদের নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
কক্সবাজারের মনোরম লোকেশনে চলছে সিনেমাটির প্রথম পর্যায়ের দৃশ্যধারণের কাজ। নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী পরবর্তী শুটিং ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ডিটেকটিভ’।
এক ইংরেজি চলচ্চিত্রের পর একই ভাষায় দ্বিতীয় সিনেমা নির্মাণের উদ্যোগ ধীমনের চলচ্চিত্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘ডট’-এর পর ‘ডিটেকটিভ’ দিয়ে দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারেন এই নির্মাতা, এখন সেটিই দেখার অপেক্ষা। নতুন জুটি, গল্প ও নির্মাণশৈলীর সমন্বয়ে সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিআলো/শিলি