ওভাল হাউসে সাংবাদিকদের মুখোমখি ডোনাল্ড ট্রাম্পছবি:এক্স
Published on
:
1 min read
শীঘ্রই হতে চলেছে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি। এই চুক্তির বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। এখন চুক্তি হওয়া ‘শুধুমাত্র সময়ের অপেক্ষা’। দুর্গাপূজার সময়েই আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে নীরবতা ভেঙে জানালেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চুক্তি হতে চলে তার ধরন ‘আগের বাণিজ্য চুক্তিগুলির থেকে আলাদা হবে’ বলে জানিয়েছেন তিনি। তবে কোন শর্তে এই চুক্তি হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আমেরিকান প্রেসিডেন্ট।
বেশ কিছু দিন ধরেই ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা চলছে। চলতি বছরে শুরুতেই এই চুক্তি চূড়ান্ত করার কথা জানানো হয়েছিল। তবে আমেরিকার ট্যারিফ নীতি নিয়ে জটিলতার জেরে তা পিছিয়ে যায়। ফলে চুক্তির বিভিন্ন দিক নিয়ে নতুন করে দরকষাকষি করতে হচ্ছে দুই পক্ষকে। চলতি মাসেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ারের সঙ্গে মিলওয়াকি ও ওয়াশিংটনে বৈঠক করেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। চুক্তির খুঁটিনাটি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়াই ছিল সেই বৈঠকের অন্যতম লক্ষ্য।
এখন ভারত সফরে এসেছেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ-সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন তিনি। আর, সেই সময়েই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশার কথা শুনিয়েছেন ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকান প্রেসিডেন্ট বলেন, ‘ভারত চুক্তিতে আগ্রহী। দু’পক্ষের মধ্যে সমঝোতা হবে এবং তার জন্য আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি।’ এই চুক্তি আগের বাণিজ্য চুক্তিগুলির থেকে আলাদা হবে বলে জানিয়েছেন তিনি। যদিও এই নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি ট্রাম্প। কবে এই চুক্তিতে সই হবে তাও জানাননি আমেরিকান প্রেসিডেন্ট।
