সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ছবি: এই সময়
Published on
:
2 min read
হাসপাতালের বেহাল দশায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ। হাসপাতালে দাঁড়িয়েই ফোন স্বাস্থ্যমন্ত্রীকে। বুধবার রাতে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান সেখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে গিয়ে যে ছবি দেখেন, তাতে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি। চারদিকে নোংরা প্লাস্টিক, অন্যান্য বর্জ্য পড়ে রয়েছে। এর পরেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করে অভিযোগ জানান বিজেপি সাংসদ।
এক পরিচিতর বাবার মৃত্যুর খবর পেয়ে বুধবার পুরুলিয়া হাসপাতালে গিয়েছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, ‘হাসপাতালের খুব খারাপ অবস্থা। সব খোঁজখবর নিয়ে আমার মনে হলো, সরকারকে বদনাম করার জন্য, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে বদনাম করার জন্য কিছু অসাধু ব্যক্তি হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন। সরকারকে ব্যর্থ দেখাতে খুবই নোংরা, অপরিষ্কার করে রাখা হয়েছে চারপাশ। ড্রেনের জল ঢুকছে চারদিকে। স্ট্রেচার পড়ে আছে ড্রেনের মধ্যে। বিভিন্ন ওয়ার্ডে গেলাম। দেখলাম এ দিক-ও দিক নোংরা পড়ে আছে। সরকার টাকা দিচ্ছে, কিন্তু পাবলিকের চোখে সরকারকে ছোট করতে এ সব করা হচ্ছে।’
এক নজরে
হাসপাতাল পরিদর্শন: বুধবার রাতে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
অপরিচ্ছন্ন পরিবেশ: হাসপাতাল চত্বরে নোংরা প্লাস্টিক, বর্জ্য এবং ড্রেনের জল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীকে ফোন: হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করে অভিযোগ জানান সাংসদ।
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি: জেলাশাসককেও বিষয়টি জানিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি।
স্বচ্ছতা অভিযানের হুঁশিয়ারি: দ্রুত পরিষ্কার না হলে নিজেই লোকজন নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামার কথা জানান বিজেপি সাংসদ।
সাংসদ জানান, তিনি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে সবটা জানান। জেলাশাসককেও জানিয়েছেন। দ্রুত যা ব্যবস্থা নেওয়ার, তা নিতে অনুরোধ করেছেন। তিনি নিজেই লোকজন নিয়ে হাসপাতালের পরিছন্নতা ফেরাতে অভিযানে নামবেন বলে জানান। জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ‘আমরা এমনিতেও স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে হাসপাতাল, স্কুল আমরা পরিষ্কার করি। এজেন্সি যদি কাজ না করে, ওরা যদি ভাবে এই ভাবে সরকারকে ছোট করবে, তা হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তিনি বিষয়টি দেখছেন।’
সূত্রের খবর, এই ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে স্বাস্থ্যভবন। কোনও মেডিক্যাল কলেজেই এই পরিস্থিতি মেনে নেওয়া হবে না বলে আগেই বার্তা দিয়েছে এই সরকার।