সংবাদ বিজ্ঞপ্তি · ১৩ অক্টোবর, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখতে ঠিকাদারদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিউক সম্মেলনকক্ষে সিলেট সিটি করপোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
কয়েস লোদী বলেন, ‘ঠিকাদারগণ উন্নয়নের অগ্রসৈনিক। তাই নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে সিলেটকে একটি আধুনিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউকের পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে।’ এসময় তিনি মানসম্মত অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।
এসময় অ্যাসোসিয়েশনের নেতারা সিলেটের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নকাজ মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব, সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, ওয়াহিদ বক্স, কামাল আহমদ, মো. শাকিল আহমদ, মো. আজিজুর রহমান, শাহ্ মো. নজমুল ইসলাম ও তাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
