গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
তিনি বলেন, ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।
মহাপরিচালক বলেন, সাততলার চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধে আগুন লাগার কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরিভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের মোট ২১টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, আমাদের একজন কর্মী আহত হয়েছেন। তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি।
টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডে সকাল ১০টায় ইউনিট-২-এর সাততলা ভবনের চার তলায় আগুন লাগে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। সেনাবাহিনী, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনসহ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন জানা যায়, সকাল ১০টার দিকে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

কিন্তু আগুন বৃদ্ধি পাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া, ঢাকাসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, গাজীপুর সিটি করপোরেশনের মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের কারণে ঘটনাস্থল ঘিরে প্রায় দুই কিলোমিটার এলাকার গণপরিবহন ও স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ড্রাগ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল বলেন, কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।
