শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে ঢাকার মেট্রোরেল। এ সময়ে যাত্রীদের চাহিদা বিবেচনায় পিক আওয়ারে ১০ মিনিট এবং অন্যান্য সময়ে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। যাত্রীচাপ অনুযায়ী ট্রেন চলাচলের বিরতিও সমন্বয় করা হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
ছুটির দিনগুলোতে দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এ চার দিনে উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
এদিকে, ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন থাকবে। ওই দিন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালু করে ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে।
দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং বাড়তি চাহিদা মোকাবিলায় এ বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
The post পূজার ছুটিতে মেট্রোরেলের সূচিতে পরিবর্তন appeared first on ভোরের চেতনা.
