বোয়ালখালীতে পুলিশের অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মোঃ আজম খাঁন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আবদুল মান্নান প্রকাশ ডুবাই মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরনদ্বীপের ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুল মান্নান উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার জাকের হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র আইনের একটি মামলায় ২০২২ সালে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, থানার চৌকস পুলিশ দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আবদুল মান্নানের বিরুদ্ধে বোয়ালখালী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। ওই মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে। এ ঘটনায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

