অনলাইন ডেস্ক
তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে প্রচার করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
