রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ঢালাইয়ের সাটারিং ভেঙে পড়ে দুই শ্রমিক মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় অন্তত আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকায় পৌরসভার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন—গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বাসিন্দা আছাদুল হক এবং রংপুর জেলার বাসিন্দা শিহাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই পৌরসভার নির্মাণাধীন ওই ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই ওপরের সেন্টারিং ও সাটারিং ভেঙে নিচে ধসে পড়ে। এ সময় নিচে কাজ করা কয়েকজন শ্রমিক ভারী সাটারিং ও রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকেই আছাদুল ও শিহাবের নিথর দেহ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে বাকি আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে। এ ঘটনার পেছনে ঠিকাদার বা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
