Published on
:
1 min read
মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত অস্ট্রেলীয় মডেল ও সাঁতারের পোশাকের ডিজাইনার সাহারা রে। পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে কেন্দ্র করে এক সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সোমবার, ১৯ অক্টোবর, সাহারার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানানো হয়নি।
২০২৪ সালে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর বিরল স্নায়ুরোগ 'গিলেন-বারে সিনড্রোম'-এ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সেই অসুস্থতার কারণে কোমরের নীচের অংশে পক্ষাঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এক সময়ে হাঁটাচলার জন্য হুইলচেয়ার ও ওয়াকারের সাহায্য নিতে হয়েছিল তাঁকে। তবে এই রোগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
সাহারা রে-র পরিচিতির অন্যতম আলোচিত অধ্যায় ছিল জাস্টিন বিবারের সঙ্গে তাঁর নাম জড়ানো। ২০১৬ সালে হাওয়াইয়ে ছুটি কাটানোর সময়ে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তবে দুজনের কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করেননি।
কয়েক মাস আগেই মা হয়েছিলেন সাহারা। জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মেয়ের নাম রেখেছিলেন স্নো। মা হওয়ার পর মেয়েকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টও করেছিলেন সাহারা। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল মেয়েকে নিয়েই। ১৯ জুলাইয়ের সেই পোস্টে কন্যার ছবি দিয়ে লিখেছিলেন ‘আমার হৃদয়’ । মাতৃত্বের নতুন অধ্যায়ে যখন জীবনকে নতুন করে সাজানোর কথা, তখনই তাঁর অকালমৃত্যুর খবর সামনে এল।
