স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বড়দরগা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় লিখন ও বাবলু মহন্ত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন লিখনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত বাবলু মহন্তকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ বড়দরগা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে জড়ো হয়ে অবরোধ করেন। এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর তদন্তসহ পুলিশের একাধিক মোবাইল টিম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বড়দরগা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আলোচনার একপর্যায়ে বড়দরগা বাজার এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। তাঁদের মতে, এ ধরনের অবকাঠামো নির্মিত হলে পথচারীদের ঝুঁকি কমবে এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।
The post পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নি’হ’ত-১, আ’হ’ত-১ ; জনতার সড়ক অবরোধ appeared first on ভোরের চেতনা.
