ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জ ও তেঁতুলঝোড়া এলাকায় সড়ক উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি দাবি করেন, জনগণের আস্থার জায়গা হয়ে উঠেছে বিএনপি এবং সেই প্রত্যাশা পূরণে দল ও সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে আমানউল্লাহ আমান বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করছে। দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে সাম্প্রতিক একটি দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী তার সহধর্মিণীর মাথার ওপর নিজ হাতে ছাতা ধরে হাঁটছিলেন—এটি কেবল পারিবারিক ভালোবাসার প্রকাশ নয়, দায়িত্বশীল নেতৃত্বেরও প্রতীক। তিনি বলেন, “যেভাবে প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে রেখেছেন, ঠিক একইভাবে তিনি দেশের মানুষের মাথার ওপরও আস্থার ছাতা হয়ে আছেন।”
অনুষ্ঠানে মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এর কারণে পরিবার ভাঙছে, তরুণেরা বিপথে যাচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।
তিনি জানান, ঢাকা-২ আসনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
