নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ননদ ভাবী ইভেন্টসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেছেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী রয়েল পার্টি সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু করেন বারিশা হক।
মেলায় দেশীয় ও স্থানীয় পণ্যের সমাহার নিয়ে অংশ নিয়েছেন বিভিন্ন নারী উদ্যোক্তা। পোশাক, হস্তশিল্প, খাবার, প্রসাধনীসহ নানা ধরনের পণ্য নিয়ে সাজানো হয়েছে মোট ৪৫টি স্টল। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। এ ছাড়া উপস্থিত ছিলেন দিশামনি, ফুড ব্লগার মধুমিতা, মেকআপ আর্টিস্ট ইতি অ্যাঞ্জেল, আজরিন, রিয়াসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
মেলার আয়োজক ননদ ভাবী ইভেন্টসের কর্ণধার জাফরিনা জাহান প্রীতি ও সুমাইয়া আক্তার স্বর্ণা জানান, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ জোগানো এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
তাঁরা বলেন, এ ধরনের মেলা উদ্যোক্তাদের নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। এর ফলে নতুন উদ্যোক্তারা নিজেদের কাজের পরিচিতি বাড়াতে পারবেন এবং ব্যবসা সম্প্রসারণে উৎসাহ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলা নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ানো এবং উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখার পাশাপাশি পছন্দের পণ্য কেনাকাটার সুযোগ পাচ্ছেন।
বিআলো/শিলি