দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৯:৫৯ পিএম
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রকোপ নিরসনে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি হোমিও ওষুধ বিতরণ, লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মনুমিয়া মার্কেট এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, ডেঙ্গুর ভয়াবহ বিস্তার থেকে রক্ষা পেতে কেবল সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে।
নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার আহ্বান জানান তিনি।
একই সাথে গণমানুষের যেকোনো বিপদে জামায়াতে ইসলামী অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানা আমীর মাহাবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে হোমিও ওষুধ বিতরণ করা হয়। একই সাথে এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ির আঙিনায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
