Published on
:
1 min read
কলকাতায় বেআইনি অস্ত্র কারখানা হদিশ! পুলিশের অভিযোগ, কলকাতা বন্দর এলাকার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরে একটি বাড়িতে চলত এই বেআইনি কারখানা। মঙ্গলবার এই বাড়িতে রাজ্য পুলিশের Special Task Force-এর সদস্যরা অভিযান চালান। মঙ্গলবারের এই অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে আয়ুবনগরের এই বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের STF। অভিযানের সময়ে বাড়ির মধ্যে একটি ঘর থেকে ২টি সেভেন এমএম পিস্তল, ২টি দেশি বন্দুক এবং বিভিন্ন ক্যালিবারের বেশ কিছু কার্তুজ ও কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, হাতুড়ি, করাত, ড্রিলিং মেশিন-সহ বন্দুক তৈরির জন্য প্রয়োজনীয় নানা সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই কারখানার মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই অস্ত্র কারখানায় আর কে কে জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই বিহারের মুঙ্গেরের একটি বাড়িতে হানা দিয়ে বেআইনি অস্ত্র কারখানার হদিশ পায় কলকাতা পুলিশের STF। বিহার পুলিশ ও কলকাতা পুলিশের ওই যৌথ অভিযানে বাঁট, নল-সহ পিস্তলের অংশ এবং কার্তুজ পায় পুলিশ। ওই অভিযানের পরে পুলিশ জানায় কাগজের থালা তৈরির কারখানার আড়ালে এই অস্ত্রের কারবার চলত। ঘটনায় চার জনকে আটক করেছিল পুলিশ। মুঙ্গেরের এই ঘটনার সঙ্গে কলকাতার ঘটনার যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
