জাতীয় সামার অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতলেন রিংকি বিশ্বাস ও প্রিয়া আক্তার। ৫০০০ মিটার দৌড়ে রিংকি নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। ৩০০০ মিটারে রিংকির গত বছর গড়া রেকর্ড নিজের করে নিয়েছেন প্রিয়া।
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে গতকাল দ্বিতীয় দিন দুটি রেকর্ড হয়। দুদিনে রেকর্ড হয়েছে সাতটি। দলগত পদক তালিকায় লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে। ১৭টি স্বর্ণসহ ৪৬টি পদক নিয়ে শীর্ষে সেনাবাহিনী। ১২টি স্বর্ণসহ ৩৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে নৌবাহিনী।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।
জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ৫০০০ হাজার মিটার দৌড়ে ১৮ মিনিট ৮ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে গড়েন নৌবাহিনীর রিংকি। ২০২৫ সালে ১৮ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ডটিও ছিল তার। এদিন ৩০০০ হাজার মিটার দৌড়ে ১০ মিনিট ২৪ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে প্রিয়া গড়েছেন নতুন রেকর্ড। গত বছর ১০ মিনিট ২৭ দশমিক ৬০ সেকেন্ড টাইমিং গড়ে আগের রেকর্ড গড়েন রিংকি।
১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর তানভির ফয়সাল সেরা হয়েছেন ১৪ দশমিক ৩০ সেকেন্ড টাইমিং করে। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১৪ দশমিক ৮৩ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তাসমিয়া হোসেন।
পুরুষ হাইজাম্পে নৌবাহিনীর মাহফুজুর রহমান ২ দশমিক ১০ মিটার লাফিয়ে সেরা হয়েছেন।
৪০০ মিটারে সেনাবাহিনীর লুসাদ ইসলাম ৪৭ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। এই ইভেন্টে মেয়েদের বিভাগে ৫৬ দশমিক ২০ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জয় করে প্রথম হয়েছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন।
ম্যারাথনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ সেনাবাহিনীর মো. আল আমিন ও মেহেদী হাসান উভয়ই ২ ঘণ্টা ৩২ মিনিট সময় নিয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।
