প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে টোকিওতে বাংলাদেশের দূতাবাসের নেতৃত্বে থাকছেন না দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তার পরিবর্তে সফরের কূটনৈতিক সমন্বয় ও দ্বিপক্ষীয় বিষয় তদারকির দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফর অনুষ্ঠিত হওয়ার কথা। এ সময় রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম ইতোমধ্যে জাপানে পৌঁছেছেন। সফর চলাকালে তিনি টোকিওতে থেকে দ্বিপক্ষীয় তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।
গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ পেয়ে তিনি জাপান থেকে ঢাকায় ফেরেন। তবে সফরের প্রস্তুতিমূলক কাজে তাকে যুক্ত রাখা হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। দাউদ আলীর চলতি বছরের ৭ ডিসেম্বর অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
