মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কতর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়ে সবাইকে
সতর্ক থাকতে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক মাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক মাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। এ ছাড়া এসব ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বরও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৫. পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৬, ডিপ্লোমেটিক উইং : ৮০০১০০০১২৪, মৃত্যুসংক্রান্ত হটলাইন : +৯৬৬৫৭০২১২১৮০.
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের একের পর এক হামলার পর বিশ্বের আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের সে দেশে ভ্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সৌদি আরব ভ্রমণের ব্যাপারে তাদের নাগরিকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। হুথিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুই বিমানবন্দরে গতকাল ফ্লাইট বন্ধ হয়ে যায়।
মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না : শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মক্কা-মদিনার ওপর যদি হুমকি আসে তবে বাংলাদেশ বসে থাকবে না। অবশ্যই তাদের জন্য সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।’ গতকাল রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
‘আমরা তো মক্কা প্যাক্টে যোগ দেওয়ার জন্য একধরনের সিদ্ধান্ত নিয়েছি, যদি এই মুহূর্তে সৌদি আরবের প্রয়োজন হয় এবং তারা আমাদের কাছ থেকে সেনা চায়, আমরা কি পাঠাব?’ এমন এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমরা মক্কা প্যাক্টে এখনও যোগ দিইনি, তো সেখানে সেনা পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি একাত্মতা ঘোষণা করেছি। এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটা অবিলম্বে বন্ধ চাই, সৌদি আরবের মানুষের পাশে আমরা আছি, সরকারের পাশে আমরা আছি।’
মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সহায়তা করবে কিনা, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘অবশ্যই, মক্কা-মদিনার ব্যাপারে শুধু একটা কূটনীতি না, একটা আবেগও কাজ করে। মক্কা-মদিনার ওপর যদি এমন হুমকি আসে, আমরা তো বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব।’
