চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটে উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ ও স্মার্ট জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থ। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের প্রতি যথাযথ নজরদারি নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম ছিদ্দিকী বলেন, কিশোর অপরাধ, সাইবার অপরাধ ও মাদকের বিস্তার থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক ডাক্তার আব্দুল কাদের। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অভিভাবকেরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যালয়ে সুসংগঠিত ও সুশৃঙ্খল পাঠদানব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে একটি আদর্শ মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
সমাবেশে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
The post মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান appeared first on ভোরের চেতনা.
