স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে জায়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির বাবা, ৮ বছরের ভাই ও ৭০ বছর বয়সী দাদি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে জায়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনায় শিশুটির দাদির দুই পা ও ভাইয়ের এক পা ভেঙে গেছে। বাবাও গুরুতর আহত হয়েছেন।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মোমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
