কালবেলা · রাজনীতি
প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
২১/১০/২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা বরদাস্ত করা হবে না।
বুধবার (২১ অক্টোবর) রাতে নরসিংদীর মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের ট্যাক্স, শ্রম ও প্রবাসীদের রক্ত-ঘাম ঝরানো উপার্জনের টাকায় আমরা সুন্দরভাবে বসবাস করি। তাদের প্রশাসনিক দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত করতে হবে। কোনো ক্রমেই কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। আমরা জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে চাই।
মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের জন্য স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবার জন্য নতুন ভবন নির্মাণ করে এমবিবিএস চিকিৎসক দিয়ে পরিচালনা করা হবে। গ্রামের মা-বোনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। তাদের জন্য স্বাস্থ্যসেবা সহজতর করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, অসাম্প্রদায়িক চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটেছে এবারের পূজার আনন্দ-উৎসব ও মনমানসিকতায়। স্বাধীনতার পর এবারই সর্বোচ্চসংখ্যক পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম আমাদের সরকার সর্বোচ্চ অনুদান প্রদান করেছে। পাশাপাশি পূজার উপহার হিসেবে শাড়ি দেওয়া হয়েছে। পূজা নির্বিঘ্নে পালনের জন্য সারাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা অর্জনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত রয়েছি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী বাজার বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান বকুল, পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন, মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক সুমন বর্মণসহ অনেকে।
পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মনোহরদী পৌরসভার পাঁচটি পূজামণ্ডপে অনুদান প্রদান করেন। এরপর পূজার উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗