পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে।’
আজ শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, এই ধরনের খবর আমরা পেতেও চাই না। সৌদি সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। একটু অপেক্ষা করি, তাদের উত্তর পেলে পরিষ্কারভাবে বলতে পারব।’
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ডের ঘটনায় আমাদের মিশন অবগত ছিল না। যেহেতু ডিটেইলস সৌদি সরকার জানায়নি, সেজন্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘প্রবাসী ভাইবোনেরা যারা কষ্ট করে নিজের টাকা-পয়সা খরচ করে বিদেশে গিয়ে চাকরি নেয়, কাজ করে, তাদের সবসময় মনে রাখা উচিত, সেই সব দেশের আইন-কানুন মেনে চলতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় জানানো হয়েছে। এরকম কোনো ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।’
শামা ওবায়েদ বলেন, ‘আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পরই জানা যাবে, কবে ও কীভাবে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’
