পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল আরএসজিটি। ২০২৬ সালের আগস্টে পিসিটিতে জাহাজ থেকে তীরে কনটেইনার ওঠানো-নামানোর ক্রেন কার্যক্রম চালুর পর সেটিই ছিল প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।
গত ১৮ অক্টোবর এমভি আমুরো পরিচালনার সময় মাত্র ২১ ঘণ্টায় ১ হাজার ৫২৪টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা ২ হাজার ৫৭১ টিইইউর সমান। প্রতিষ্ঠানটির মতে, এই অর্জন আধুনিক সরঞ্জাম, দক্ষ পরিচালন দল ও সমন্বিত টার্মিনাল ব্যবস্থাপনার সক্ষমতার প্রতিফলন।
জাহাজ পরিচালনায় আরএসজিটি বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। এ অর্জনের মধ্য দিয়ে পরিচালন দক্ষতা বাড়ানো, জাহাজের বন্দরে অবস্থানের সময় কমানো এবং আন্তর্জাতিক মান বজায় রেখে টার্মিনাল পরিচালনার অঙ্গীকার আরও জোরালো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে আরএসজিটি বাংলাদেশ বন্দরের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে।
আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা নাবিল ইউসুফ বলেন, সংশ্লিষ্ট সবার আস্থা ও বিশ্বাসকে প্রতিষ্ঠানটি গভীরভাবে মূল্যায়ন করে। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, বৈশ্বিক মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকারে তারা অবিচল। এর মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ চলছে বলেও জানান তিনি।
