অনলাইন ডেস্ক
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে বিক্ষোভের ঘটনায় প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত এক মাসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সহিংসতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ২ হাজার ৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। আহত নিরাপত্তা সদস্যদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।
বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট। ফ্রান্সের খুচরা ব্যবসায়ীদের সংগঠন রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের প্রেসিডেন্ট আলেকজান্দ্রে বোম্পার জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই লুটপাটের শিকার হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।
## সহিংসতার নিন্দা ম্যাক্রোঁর
রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিক্ষোভের নামে ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের সহিংসতার কোনো যৌক্তিকতা নেই এবং এতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।
শহর, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
