সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনা ও গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও মহানগর কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) নগরের মিরাবাজার এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের হলরুমে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর হামলা চালানো হচ্ছে, যার ফলে শিক্ষকসমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষকদের ওপর হামলা বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে গ্রেপ্তার হওয়া প্রধান শিক্ষকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি, রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন। কর্মসূচি বাস্তবায়নে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়।
বাশিস সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে এবং সচিব অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর পরিচালনায় সভায় জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
