প্রজ্ঞান ওঝার বার্ষিক বেতন কত?
অতীতে BCCI-এর প্রধান নির্বাচকের বার্ষিক পারিশ্রমিক ছিল আনুমানিক ১ কোটি টাকা। ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, অজিত আগরকর যখন দায়িত্ব নেন, তখন এই পদের বেতন কাঠামো এক ধাক্কায় বাড়িয়ে প্রায় ৩ কোটি টাকা করা হয়েছিল। ‘দ্য টেলিগ্রাফ’-এর দাবি, পার্থিব প্যাটেল বর্তমানে টেলিভিশন সম্প্রচারকারী সংস্থায় বিশেষজ্ঞ ধারাভাষ্যকার এবং বিভিন্ন পেশাদার ক্রিকেট অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত। BCCI-এর নির্বাচক হলে সমস্ত ব্যক্তিগত বাণিজ্যিক চুক্তি ভাঙতে হবে তাঁকে। আর সেটা করলে ক্ষতি হবে তাঁর। কারণ, বোর্ডের ধার্য ৩ কোটি টাকার বার্ষিক পারিশ্রমিক তাঁর বর্তমান আয়ের থেকে অনেক কম। তাই তিনি আবেদনই করেননি। তবে প্রজ্ঞান ওঝা ঠিক কত টাকা বার্ষিক বেতন পাবেন, সে বিষয়ে বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো আর্থিক অঙ্ক প্রকাশ করেনি।
এদিকে প্যানেলের আরেক সদস্য নির্বাচনেও বড়সড় চমক দিয়েছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তথা ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলা ওয়াসিম জাফর আবেদন করা সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাঁর জায়গায় মাত্র ২টি টেস্ট খেলা রমেশ পাওয়ারকে বেছে নেওয়া হয়েছে।
বোর্ডের উচ্চপর্যায়ের এক সূত্রের দাবি, এর পেছনে রয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা। প্রজ্ঞান ওঝা বিগত এক বছর ধরে ভারতীয় ড্রেসিংরুমের সঙ্গে যুক্ত থাকায় টিম ম্যানেজমেন্টের দর্শন, অধিনায়ক ও কোচের পছন্দ-অপছন্দ খুব নিখুঁতভাবে বোঝেন। বিশ্বকাপের মতো মেগা আসরের আগে নির্বাচন কমিটি যাতে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার সঙ্গে একসুরে কাজ করতে পারে, সেই কারণেই পাওয়ারের অন্তর্ভুক্তিকে বেশি যুক্তিযুক্ত মনে করেছে বোর্ড।
