চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রবিবার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে চলতি বছরের মার্চে শাহাদাত হোসেনকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। তবে সে সময় এ বিষয়ে কোনো আদেশ জারি হয়নি।
নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে শাহাদাতের দায়িত্ব পালনের মেয়াদ নিয়ে বিতর্কের মধ্যেই এবার তাকে প্রশাসক করা হলো। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত পরিষদের মেয়াদ ও শাহাদাত হোসেনের দায়িত্ব পালন নিয়ে গত ২৭ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় সরকার বিভাগের নথির বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।
সেই হিসাবে পরিষদের পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়। তবে শাহাদাত হোসেন তখন প্রথম আলোকে বলেছিলেন, আদালতের আদেশ অনুযায়ী ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে।
অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের নথিতে উল্লেখ করা হয়, আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা করলেও মেয়াদের বিষয়ে পৃথক কোনো নির্দেশনা দেননি। এর আগে গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ। পরে মার্চে শাহাদাতকে পূর্ণকালীন প্রশাসক করার প্রস্তাব তৈরি হলেও তা কার্যকর হয়নি।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত ওই মামলার রায়ে তাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন।
চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন।
একই সঙ্গে এ বিষয়ে ১০ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়। পরে ২০২৪ সালের ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছিল।
ওই বছরের ১৯ আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
বিআলো/আমিনা