দুর্গাপুজোর মরসুমে আলো, আড্ডা, নতুন ছবির প্রচার আর তারকাদের সাজপোশাক নিয়ে আলোচনা তো থাকেই। তবে এ বার পুজোর আমেজে যেন বাড়তি মশলা যোগ করেছে দুই নায়িকার সম্পর্কের রসায়ন!
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন অভিনেত্রীকে নাকি একেবারেই ভাল চোখে দেখছেন না অভিজ্ঞ নায়িকা। এমনকি, তাঁকে ঘিরে আপত্তিও নাকি কম নয়! যদিও এই জল্পনার সত্যতা নিয়ে নিশ্চিত করে কিছু বলার উপায় নেই, তবু দুই নায়িকার সমীকরণ নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে।
জল্পনায় ঘি পড়েছে সাম্প্রতিক এক প্রকাশ্য অনুষ্ঠানের পর। সেখানে নাকি এক কোণে দাঁড়িয়েছিলেন উঠতি অভিনেত্রী। অথচ, তাঁর দিকে নাকি ফিরেও তাকাননি আর টলিপাড়ার এই মুহূর্তে অন্যতম আলোচিত নায়িকা! অন্তত এমনই দাবি ঘনিষ্ঠমহলের। সৌজন্য বিনিময় তো দূর, কথাবার্তার সামান্য উষ্ণতাও নাকি চোখে পড়েনি। ঘটনাটি যাঁদের নজরে এসেছে, তাঁদের একাংশের মনে প্রশ্ন, এ কি নিছকই ব্যস্ততা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ?
পুজোর আগে একের পর এক অনুষ্ঠান, ছবি নিয়ে প্রচার, ক্যামেরার ঝলকানি—সব মিলিয়ে প্রকাশ্যে হাসিমুখ বজায় রাখার চাপও কম নয়। সেখানে একই ছবির সঙ্গে যুক্ত দুই অভিনেত্রীর মধ্যে দূরত্বের আভাস মিললে তা নিয়ে আলোচনা যে বাড়বে, সেটাই স্বাভাবিক।
তবে সত্যিই কি দুই নায়িকার মধ্যে মনোমালিন্য রয়েছে? নাকি একটি অনুষ্ঠানের মুহূর্ত থেকেই তৈরি হয়েছে যাবতীয় জল্পনা? প্রকাশ্যে এড়িয়ে যাওয়া মানেই কি ব্যক্তিগত দ্বন্দ্ব? দুই অভিনেত্রী যদিও প্রকাশ্যে এই নিয়ে কিছু বলেননি।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।
