আরাফাত রহমান কোকো জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেছেন তিনি। নারীদের ১০০ মিটারেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন শিরিন আক্তার। গত জাতীয় অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেছিলেন শিরিন। এবারও তার শ্রেষ্ঠত্বের পথে বাধা হতে পারেননি সুমাইয়া। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের পর দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি সময় নিয়েছেন ১০.৬৬ সেকেন্ড। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন তারেক রহমান। অন্যদিকে, নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন শিরিন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শরীফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন সুমাইয়া দেওয়ান।
আরাফাত রহমান কোকোর নামে আয়োজিত ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তিন দিনের এই প্রতিযোগিতা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিÑমোট ৪০টি ইভেন্টে হচ্ছে পদকের লড়াই। বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
