রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজ নেন। পাশাপাশি ফুটপাতে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তার সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। এ ছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের কোনো ভোগান্তি রয়েছে কি না, তা জানতে চান তিনি।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন প্রধানমন্ত্রী। পথচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে জন্য ফুটপাতগুলো ব্যবহার উপযোগী রাখা এবং সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।
