রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরমধ্যে শুধু দিনাজপুর জেলাতেই ১ হাজার ২৬৩টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব।
পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাক ও ইউনিফর্মে দায়িত্ব পালন করছেন এসআরবি-১৩ সদস্যরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে বাহিনীর সাইবার টিম।
শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুরের রাজবাড়ী দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব নিরাপত্তাব্যবস্থার কথা জানান এসআরবি-১৩ এর রংপুর বিভাগীয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন। নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসআরবি-১৩ এর বিভাগীয় অধিনায়ক বলেন, পূজামণ্ডপে ভাঙচুর, ডাকাতি, চুরি কিংবা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমা বিসর্জনের দিনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো ধরনের সন্দেহজনক বা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এসআরবিকে জানানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম সঠিক তথ্য প্রচার, গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিং, ডা. ডিসি রায়, রতন সিংসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এসআরবি-১৩ এর রংপুর বিভাগীয় অধিনায়ক রাজবাড়ী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন।
