আজহারুল ইসলাম সাদী: সারা দেশের ন্যায় সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টার সময় সাতক্ষীরা সদর উপজেলা কনফারেন্স রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন । প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত ডাটাবেজ তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাসমূহ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং একটি স্বাবলম্বী পরিবার গঠনে এই কার্যক্রম অনন্য ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এম রহমতুল্লাহ পলাশ।এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম,শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন। প্রেস কনফারেন্সে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভায় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করা এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই প্রেস কনফারেন্সের আয়োজন করে। প্রেস কনফারেন্স ও কার্যক্রমের মূল বিষয়সমূহ: • কার্যক্রমের মূল লক্ষ্য: প্রকৃত সুবিধাভোগী ও প্রান্তিক জনগোষ্ঠীর ডেটাবেস তৈরি করে কোনো ধরনের রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরকারি অনুদান ও সহায়তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। • সম্পূর্ণ বিনামূল্যে কার্ড বিতরণ: সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে ফ্যামিলি কার্ডের জন্য কোনো প্রকার ফি বা টাকা দেওয়ার প্রয়োজন নেই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে যেন তারা কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দেন। • মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ: সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর জন্য তথ্য সংগ্রহকারী (Enumerator) এবং সুপারভাইজারদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। • নারীদের অগ্রাধিকার ও ডিজিটাল সেবা: এই কর্মসূচির আওতায় পরিবারের নারী প্রধান বা মায়েদের নামে কার্ড ইস্যু করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাপ্ত অনুদান সরাসরি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিতরণ করা হবে।
The post সাতক্ষীরা সদরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত appeared first on Matrijagat.
