স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় ফুটপাতের একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহত রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি মহাখালী রেলগেট এলাকায় একটি মেসে থাকতেন।
নিহত রায়হানের হোটেল মালিক নজরুল ইসলাম ও পরিচিত আকাশ হোসেন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান। এ সময় বিমানবন্দরগামী একটি চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রায়হানের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
