Published on
:
1 min read
এই সময়: রাজ্যের পূর্বতন সরকারের আমলে এক মাসে যে আয় হয়েছিল, একদিনেই তার চেয়ে বেশি টাকা আয় করে নজির গড়ল বীরভূম জেলা প্রশাসন। বীরভূম জেলায় পাথর সরবরাহ থেকে কর বাবদ রবিবার, ১১ অক্টোবর প্রায় সাড়ে তিন কোটি টাকা আদায় হয়েছে। গত বছর অক্টোবর মাস জুড়ে এর চেয়ে কম অর্থ এই খাতে আদায় হয়েছিল। সোমবার সামাজিক মাধ্যমে এই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজস্ব ফাঁকি রুখে দিয়েই এই সাফল্য এসেছে।
পুলিশি তদন্তে বেরিয়েছে, তৃণমূল জমানায় বীরভূম জেলা জুড়ে ডিসিআর (পাথর বাবদ আদায় করা রাজস্ব)–এর নিয়ন্ত্রণ কার্যত ছিল তৎকালীন শাসক দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের হাতে! যার ফলে, যা অর্থ প্রাপ্য, তার ১০ শতাংশও সরকারি কোষাগারে জমা পড়ত না বলে লাগাতার অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপি নেতারা।
রাজ্যে পালাবদল হওয়ার কিছু দিনের মধ্যেই টুলু মণ্ডলের কীর্তি সামনে এসেছে। বীরভূম জুড়ে তাঁর বিভিন্ন দুর্নীতির কথা এখন প্রকাশ্যে। টুলু এখনও পলাতক। তবে টুলুর ঘনিষ্ঠদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে পরিস্থিতির যে পরিবর্তন হয়েছে, সাম্প্রতিক রাজস্ব আদায়ের পরিসংখ্যানকে তারই প্রমাণ হিসেবে তুলে ধরেছে রাজ্য সরকার।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া হিসেব অনুযায়ী, গত বছর অক্টোবর মাস জুড়ে পাথরের ডিসিআর থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৩ কোটি ২৮ লক্ষ টাকা। সেখানে এ বছরের ১১ অক্টোবর, একদিনেই ৩ কোটি ৪৪ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা আদায় হয়েছে। এ বছরের ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বীরভূমে এই খাতে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৫৯৫ টাকা ২০ পয়সা। মুখ্যমন্ত্রী এই সাফল্যের কথা তুলে ধরে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।