রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ সরিয়ে পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাঁদের গাড়ির পথ আটকে দেন। এ সময় সড়কের ব্যারিকেড সরিয়ে গাড়ি এগিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধ চলছে বলে জানা গেছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ অবরোধের ডাক দেয়। এতে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের যাতায়াত ব্যাহত হয়।
এদিকে, এ ঘটনায় জনসংহতি সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তাঁর দাবি, ইউপিডিএফ ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে এবং সাজেকে নিজেদের কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে।
গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
