ময়মনসিংহে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। বিষাদমাখা আবহে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এর আগে নগরীর বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে দেবীবরণ ও সিঁদুর খেলা।
বুধবার দুপুরে নগরীর দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলা ও দেবীবরণ অনুষ্ঠিত হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘট বিসর্জনের পর দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন নারীরা। পরে সমবয়সী নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন।
সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা জানান, পরিবারের কল্যাণ কামনা এবং অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দেবী দুর্গা যেন প্রতি বছর শান্তি ও সমৃদ্ধি নিয়ে সবার মাঝে ফিরে আসেন, সেই প্রার্থনাও করেন তাঁরা।
দুর্গাবাড়ী মন্দির পূজা উদ্যাপন কমিটির নেতারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দেবীবরণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিঁদুর খেলা শেষে বিকেলে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হবে। সন্ধ্যায় নগরীর কাচারীঘাটে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
এমএস/
