চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি নোহা মাইক্রোবাস। এতে এক বৃদ্ধা ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রোজী আক্তার (৬০) ও তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২)। তাঁদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তাঁরা ঢাকার মোহাম্মদপুর এলাকায় থাকতেন।
- Advertisement -
আহত ব্যক্তিদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন ও তাঁদের দুই ছেলে রয়েছে। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান বলেন, আসলাম হোসেন স্ত্রী, শাশুড়ি, দুই ছেলেসহ ছয়জনকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের লামা উপজেলায় এক নিকটাত্মীয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রোজী আক্তার ও নাজমা খাতুনের মৃত্যু হয়।
আমিনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির চালককে পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
