দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়কের পাশের ড্রেন (নয়নজুলি) থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলার দরগাহ বাজারের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা-পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহের শরীরে কোনো পোশাক ছিল না এবং পাঁচ-ছয় দিন আগের হওয়ায় লাভে পচন ধরেছে। তবে মরদেহের পাশে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখে তা জব্দ করা হয়। মৃত ব্যক্তির মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগে এলাকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি তাঁর হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, মরদেহটির পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানান তিনি।
জেএইচআর
