কুষ্টিয়ার খোকসায় আখের উদ্দিন বাইতুল্লাহ জামে মসজিদে টানা ৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ছয় যুবক ও এক মুরুব্বিকে কোরআন, পাঞ্জাবি ও জায়নামাজ উপহার দেওয়া হয়েছে; নতুন ক্যাম্পেইনে টানা ৪১ দিন নামাজ আদায়কারীদের বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর দক্ষিণপাড়ায় আখের উদ্দিন বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কৃত হয়েছেন ছয় যুবক ও একজন মুরুব্বি।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার খুতবার আগে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে বিজয়ীদের হাতে পবিত্র কোরআন শরিফ, পাঞ্জাবি ও জায়নামাজ তুলে দেওয়া হয়।
মসজিদের ইমাম ও খতিব আল-আমিন বলেন, ৪১ দিন আগে যেসব যুবক দোকানে বসে আড্ডা দিতেন, তাঁরাই আজ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন। পুরস্কার পাওয়াটা বড় বিষয় নয়; বরং নামাজের গুরুত্ব উপলব্ধি করে আখেরাতের কল্যাণের পথে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় অর্জন। প্রত্যেক মুসলমানের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং গুনাহ থেকে বিরত থাকা।
তিনি আরও জানান, এক প্রবাসী ভাইয়ের উদ্যোগে নতুন করে ৪১ দিনের নামাজের ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনে যারা টানা ৪১ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাঁদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে। নতুন এই উদ্যোগ যুবসমাজকে মসজিদমুখী করতে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুরস্কারপ্রাপ্তরা জানান, পুরস্কার তাঁদের কাছে মুখ্য নয়; বরং নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং আখেরাতের কল্যাণ অর্জনই তাঁদের মূল লক্ষ্য।
