সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে তিনটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় জোটটি।
তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, কারা পাঠিয়েছে কিংবা সেগুলোর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটেছে। বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ড্রোনগুলো ধ্বংসের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর নিরাপত্তাবেষ্টিত এসব প্রাসাদে বাংকারের সুবিধা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৪১ বছর বয়সী যুবরাজকে সর্বশেষ ৬ অক্টোবর জনসমক্ষে দেখা যায়। সেদিন তিনি দেশটির একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দেন। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে যুবরাজের নিরাপত্তায় তাঁর পছন্দের একটি বিশেষ দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে।
যুবরাজের এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে স্থানান্তরের খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন হুতিরা ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব হামলার কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এমএ
