নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলিয়াটি পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হীরা (৩০), মদন দক্ষিণ পাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভা ফচিকা টিএনটি রোডে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় আরও অজ্ঞাতনামা ৪-৫ জন পালিয়ে গেছে।
এদিকে, পৌর ছাত্রদল সাধারণ সম্পাদকের আটকের বিষয়ে পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
