মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক জাতীয় নেতা ও সংসদ সদস্য আলহাজ্ব এ এন এম ইউসুফের রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তার ও জনসেবামূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেন, কুলাউড়ার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) এ এন এম ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে সকালে মরহুমের মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় কোরআন খতম এবং ১০টায় পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় এম এ গনী আদর্শ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এ এন এম আলমের সঞ্চালনায় এবং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খাঁন, আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, এম এ গনী আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ফারুক উদ্দিন সুন্দর, কুলাউড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শাহজালাল, টিম জার্নালিস্টস কুলাউড়ার উপদেষ্টা এম মুক্তাদির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, সাবেক শিক্ষক ও বিএনপি নেতা আখদ্দছ আলী মাস্টার, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, অধ্যাপিকা শাহানারা বেগম, সাবেক অধ্যক্ষ শাহ আলম এবং ভাটেরা কলেজের শিক্ষক আব্দুল হামিদ খানসহ অনেকে।
বক্তারা বলেন, আলহাজ্ব এ এন এম ইউসুফ ছিলেন একজন প্রজ্ঞাবান ও জনকল্যাণে নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতির পাশাপাশি শিক্ষার প্রসার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লংলা আধুনিক ডিগ্রি কলেজ ও কুলাউড়া ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁরা আরও বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে এ এন এম ইউসুফের চিন্তা, কর্ম ও আদর্শ অনুসরণযোগ্য। মানুষের কল্যাণে কাজ করা এবং শিক্ষা বিস্তারে অবদান রাখার মধ্য দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা মরহুমের স্মৃতি ও অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কর্মময় জীবন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post কুলাউড়ার শিক্ষা বিস্তারে এ এন এম ইউসুফের অবদানে স্মরণ appeared first on ভোরের চেতনা.
