চলতি মাসের শুরুতেও হুথিদের হামলায় আরামকোর ধাহরান সদর দপ্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার পর ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। ধাহরানের এ সদর দপ্তরেই আরামকোর গুরুত্বপূর্ণ পরিচালন কেন্দ্র রয়েছে, যেখান থেকে স্থল ও সমুদ্রের তেল ক্ষেত্র, শোধনাগার, রফতানি টার্মিনাল এবং হাজার হাজার কিলোমিটার পাইপলাইন তদারক করা হয়।
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর ও সৌদি আরামকোর শায়বাহ তেল ক্ষেত্র লক্ষ্য করে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশী নাগরিকও রয়েছেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের সাম্প্রতিক হামলা তীব্র হওয়ার মধ্যে গতকাল সৌদি আরামকো তাদের ধাহরান সদর দপ্তরের কর্মীদের ভবন খালি করে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে থাকা অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, বুধবার দিবাগত রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হন। নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয়। আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশী ও একজন নেপালি নাগরিক রয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার পর সাময়িক বিঘ্ন ঘটলেও বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।
একই দিনে আরেক ঘটনায় সৌদি আরামকোর শায়বাহ তেল ক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলে দুজন নিহত হন। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শায়বাহ তেল ক্ষেত্রটি দাম্মাম থেকে কয়েকশ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। বিমানবন্দর ও তেল ক্ষেত্রের দুই ঘটনায় সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার এবং আহত হয়েছেন ১০ জন।
এদিকে হামলার মাত্রা বাড়তে থাকায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো বৃহস্পতিবার তাদের ধাহরান সদর দপ্তরের কর্মীদের ভবন খালি করে দূর থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম কোম্পানিটি ধাহরান সদর দপ্তর খালি করার নির্দেশ দিল। তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা হয়নি।
চলতি মাসের শুরুতেও হুথিদের হামলায় আরামকোর ধাহরান সদর দপ্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার পর ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। ধাহরানের এ সদর দপ্তরেই আরামকোর গুরুত্বপূর্ণ পরিচালন কেন্দ্র রয়েছে, যেখান থেকে স্থল ও সমুদ্রের তেল ক্ষেত্র, শোধনাগার, রফতানি টার্মিনাল এবং হাজার হাজার কিলোমিটার পাইপলাইন তদারক করা হয়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে আরামকোর স্থাপনা এবং রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদ ও মদিনার আকাশে একাধিক ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে পরিস্থিতির অবনতির মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে থাকা অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা বাড়িয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের পাশাপাশি ভ্রমণ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।
রিয়াদে মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুথিদের আরো হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি মার্কিন মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। তবে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশটি এখন পর্যন্ত সৌদি আরবের অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেই প্রযোজ্য।
সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রফতানিকারক সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বারবার হামলার লক্ষ্য হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেড়েছে। গতকাল আরামকো সদর দপ্তর খালি করার খবরের পর সৌদি শেয়ারবাজারের প্রধান সূচক ২ দশমিক ৫ শতাংশ কমে যায়। একই সঙ্গে আন্তর্জাতিক বাজরে জ্বালানি তেলের দামও বেড়েছে। গতকাল আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১৯ ডলার বা ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১১২ দশমিক শূন্য ১ ডলারে পৌঁছায়। দিনের এক পর্যায়ে তা ১১২ দশমিক ৬৮ ডলারে ওঠে, যা গত ১৮ মের পর সর্বোচ্চ।
