সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। তবে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ প্রত্যাবর্তন করেছেন সংক্ষিপ্ত ফরম্যাটের টাইগার অধিনায়ক।
প্রথম ইনিংসে করেন ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছে ফিফটি। এর মধ্যেই লিখিয়েছেন ৯ হাজার রানের ক্লাবে। ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের ডেরিভারিতে সিংগেল নিয়ে ৯ হাজারের ক্লাবে ঢোকেন লিটন।
আগের দিন অপরাজিত ছিলেন ৫ রানে। চতুর্থ দিন খেলতে নেমে বাকি ১৩ রান করেন। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
এর আগে ব্যক্তিগত ১৪ ও ২৬ রানে জীবন পান লিটন। দুইবারই বোলিংয়ে ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। দুইবার পাওয়া জীবন কাজে লাগিয়ে ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ফেলেছেন লিটন। ডানহাতি ব্যাটার বাউন্ডারির সুযোগ পেলে ছেড়ে কথা বলেননি।
টেস্টে লিটনের রান ৩৪০৯। ছয়টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে ৫ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ২৮৬৯ রান। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১২৪ ম্যাচ খেলে ২৭০৪ রান। কোনো সেঞ্চুরি নেই, তবে ফিফটি ১৬টি।
