Published on
:
2 min read
ভারতের ভোটার তালিকা সংশোধন এবং ‘ভোট চুরি’-র অভিযোগ নিয়ে এ বার আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের ডাক দিলেন জার্মানি নিবাসী ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার, ১৭ অক্টোবর, লন্ডনের পার্লামেন্ট স্কোয়্যারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য প্রবাসী ভারতীয়দের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। তাঁর বক্তব্য, ‘এ বার এই ইস্যু আন্তর্জাতিক মহলের নজরে আনার সময় এসেছে।’ রাঠির উদ্যোগে সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ পুড়বে বলে আশঙ্কা একাংশের।
রাঠির ডাকে শনিবার দুপুর ১২টায় (স্থানীয় সময়) পার্লামেন্ট স্কোয়্যারে জমায়েত হওয়ার কথা। এক্স হ্যান্ডলে পোস্ট করে এই ইউটিউবার লেখেন, ‘ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীদের বাস্তব চেহারা এ বার বিশ্বের সামনে তুলে ধরার সময় এসেছে।’ ‘ইন্টারন্যাশনাল ডঙ্কা বজানে কা টাইম আ গয়া হ্যায়’ অর্থাৎ ‘আন্তর্জাতিক মঞ্চে ডঙ্কা বাজানোর সময় এসেছে’ বলেও মন্তব্য করেন তিনি। দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের স্বর জোরালো করার ইঙ্গিত দিয়েছেন এই ইউটিউবার।
কেন লন্ডনে প্রতিবাদের ডাক?
ধ্রুব রাঠির এই কর্মসূচির নেপথ্যে রয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা প্রতিবাদ। গত ১০ অক্টোবর, যন্তর মন্তরে CJP-র ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করেছিল পুলিশ। প্রায় ১৮ ঘণ্টা হেফাজতে থাকার পর মুক্তি পান তিনি। সেই বিক্ষোভের মূল দাবি ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগও তুলেছিলেন আন্দোলনকারীরা।
ধ্রুবের অভিযোগ, তাঁকে আটকের ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। পুলিশ অবশ্য জানিয়েছিল, নিষেধাজ্ঞা জারি থাকা এলাকায় জমায়েত ঠেকাতেই সতর্কতামূলক ব্যবস্থার আওতায় ধ্রুবকে আটক করা হয়েছিল।
SIR নিয়ে বিতর্ক, সরব বিরোধীরা
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে।
এই আবহে দিল্লির গণ্ডি ছাড়িয়ে লন্ডনে বিক্ষোভের ডাক দিয়ে বিষয়টিকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে যেতে চাইছেন ধ্রুব রাঠি। তবে শনিবারের কর্মসূচিতে কত জন যোগ দেবেন, কিংবা বিক্ষোভের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
