শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের ওই পূজামণ্ডপে যান তিনি। এ সময় সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠানে অংশ নেন এবং ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
পূজামণ্ডপে পৌঁছালে ভারতীয় উপ-হাইকমিশনারকে স্বাগত জানান সিআইপি অমল পোদ্দার, পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) আতিকুল ইসলামসহ স্থানীয় ভক্তরা। পরে তিনি মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পূজামণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার জানান, ভারতীয় উপ-হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে মণ্ডপ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁর উপস্থিতিতে ভক্ত ও আয়োজকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।
এদিকে উপ-হাইকমিশনারের সফরকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, তাঁর আগমনের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। উপ-হাইকমিশনার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ভারতীয় উপ-হাইকমিশনারের এ সফর কোনো সরকারি কর্মসূচির অংশ ছিল না। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন।
